দেশের তরুণদের ঐকান্তিক প্রচেষ্টা ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আগামীর সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।
সোমবার (১৫ জুন) রাজধানীর মুগদা মেডিকেল কলেজে সপ্তাহব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, তরুণরাই দেশের ভবিষ্যৎ। তাদের অক্লান্ত শ্রম, মেধা ও ঐকান্তিক প্রচেষ্টা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। দল-মত নির্বিশেষে সবার অংশগ্রহণে আগামীর বাংলাদেশ হবে উন্নত, সমৃদ্ধ ও সুন্দর।
তিনি দেশের উন্নয়ন কর্মকাণ্ডে পুরুষের পাশাপাশি নারীদের অংশগ্রহণের গুরুত্বও তুলে ধরেন। অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন এবং পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মোশররফ হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে কলেজ ও হাসপাতালের পরিচালক, ফ্যাকাল্টি সদস্য, শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এমএইচএন/এসএএস/জেডএস
