বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট

মাধ্যমিক ও স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের আবেদন ২৫ জুন পর্যন্ত বাড়ল

মাধ্যমিক ও স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের আবেদন ২৫ জুন পর্যন্ত বাড়ল

আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের জন্য ভর্তি সহায়তা ও উপবৃত্তির অনলাইন আবেদনের সময় আগামী ২৫ জুন পর্যন্ত বৃদ্ধি করেছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট।

রোববার (১৪ জুন) প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সহকারী পরিচালক অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন সোহাগের স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও সমমান পর্যায়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণিতে ২০২৬ সালে ভর্তিকৃত বা অধ্যয়নরত শিক্ষার্থীদের ভর্তি সহায়তার আবেদন এবং স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের ডিগ্রি ও ফাজিল প্রথম বর্ষে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তিকৃত বা অধ্যয়নরত শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন ২৫ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত করা যাবে। এর আগে আবেদনের শেষ সময় ছিল ১৪ জুন।

মাধ্যমিক পর্যায়ের ভর্তি সহায়তার ক্ষেত্রে আবেদনকারীর পূর্ববর্তী শ্রেণিতে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর অথবা জিপিএ পদ্ধতিতে অন্তত ৩.৫০ থাকতে হবে। পাশাপাশি পিতা, মাতা বা অভিভাবকের বার্ষিক আয় তিন লাখ টাকার মধ্যে থেকে হবে। আবেদনকারীদের শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নপত্র, জন্মনিবন্ধন, পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র, ছবি এবং ব্যাংক হিসাবের তথ্যসহ প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে আপলোড করতে হবে।

এদিকে স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের শিক্ষার্থীদের জন্য চলমান উপবৃত্তি কর্মসূচির আবেদনও একই সময় পর্যন্ত বাড়ানো হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত যোগ্য শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের আবেদন ফরওয়ার্ড করার সময়সীমাও ২৫ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট জানিয়েছে, উভয় কার্যক্রম সম্পূর্ণ অনলাইনভিত্তিক। তাই আবেদনের কোনো হার্ড কপি জমা দেওয়ার প্রয়োজন নেই। আবেদন ও উপবৃত্তি-সংক্রান্ত তথ্য ট্রাস্টের ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট অনলাইন পোর্টালে পাওয়া যাবে।

ভর্তি সহায়তা ও উপবৃত্তি বিষয়ে তথ্য জানতে ০২-৫৫০০০৪২৮, ০১৭৭৮৯৫৮৩৫৬ এবং ০১৭৭৮৯৬৪১৫৬ নম্বরে অফিস চলাকালে যোগাযোগ করা যাবে।

এমএইচএন/এমএন

বিজ্ঞাপন