প্রবাসীদের কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সংক্রান্ত কার্যক্রম আরও কার্যকরভাবে বাস্তবায়নে পররাষ্ট্র এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে একটি যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে।
সোমবার (১৫ জুন) পররাষ্ট্র এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
সমন্বয় সভা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ নিশ্চিতকরণ, বিদেশে বাংলাদেশের জন্য নতুন শ্রমবাজার অনুসন্ধান, এবং আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী অধিক সংখ্যক দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি প্রেরণের উপায় নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়।
সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন এবং উভয় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বৈঠকে প্রবাসীদের কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সংক্রান্ত কার্যক্রম আরও কার্যকরভাবে বাস্তবায়ন এবং দুই মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে একটি যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
এনআই/এমএন
