জাতীয় সংসদে নারীদের বোরকা, হিজাব ও নিকাব নিয়ে করা মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও বিবৃতি দিয়েছে ইসলামপন্থি বিভিন্ন সংগঠন। বক্তব্য প্রত্যাহার, ক্ষমা প্রার্থনা এবং ধর্মীয় স্বাধীনতার প্রতি সম্মান জানানোর দাবি জানিয়েছেন সংগঠনগুলোর নেতাকর্মীরা।
সোমবার (১৫ জুন) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। একই স্থানে মহিলা জামায়াতের নেতাকর্মীরাও পৃথক কর্মসূচি পালন করেন। এছাড়া, চট্টগ্রাম ও ইসলামী বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে সংগঠনটির নেতাকর্মীরা। এ ঘটনায় দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
সংগঠনগুলোর দাবি, গত রোববার (১৪ জুন) জাতীয় সংসদে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর হিজাব-নিকাব নিয়ে দেওয়া বক্তব্য ‘আপত্তিকর ও অবমাননাকর’। এর প্রতিবাদে আয়োজিত মানববন্ধন থেকে বক্তারা ওই বক্তব্য প্রত্যাহার, প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা এবং নারীদের ধর্মীয় পোশাক ও স্বাধীনতার প্রতি সম্মান জানানোর আহ্বান জানান।
বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা ঢাকা মহানগর উত্তরের সভানেত্রী সাওদা ইয়াসমিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল তামিমা আফরোজ, ঢাকা মহানগর উত্তরের বিশ্ববিদ্যালয় ও ছাত্রীকল্যাণ সম্পাদিকা মারজিয়া সুলতানা, শিক্ষা সম্পাদিকা ইকরা কবীর নূর, ঢাকা মহানগর পশ্চিমের প্রশিক্ষণ সম্পাদিকা মাহবুবা আক্তারসহ অন্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন, ধর্মীয় মূল্যবোধ ও ব্যক্তি স্বাধীনতার বিষয় নিয়ে কটূক্তি বা হেনস্তার বিরুদ্ধে সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে। তাদের অভিযোগ, একটি মহল পরিকল্পিতভাবে ইসলামী মূল্যবোধের ওপর আঘাত করছে এবং পোশাকের কারণে নারীদের হয়রানি করা হচ্ছে।
কর্মসূচি থেকে বোরকা-হিজাব-নিকাব নিয়ে মন্তব্যের জন্য সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর ক্ষমা প্রার্থনার দাবি জানানো হয়। পাশাপাশি পর্দানশীন নারীদের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্রসহ বিভিন্ন ক্ষেত্রে নারী পর্যবেক্ষক বা শিক্ষকের মাধ্যমে যাচাইয়ের ব্যবস্থা করার দাবিও জানানো হয়।
এদিকে, রোববার রাতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। রাজধানীর কর্মসূচিতে মিছিলটি বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। সমাবেশে ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদসহ সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে, জামায়াতে ইসলামী এক বিবৃতিতে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর বক্তব্যকে ‘আপত্তিকর ও অবমাননাকর’ আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, জাতীয় সংসদের মতো গুরুত্বপূর্ণ স্থানে এ ধরনের মন্তব্য দায়িত্বশীল আচরণের পরিপন্থি।
আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশও পৃথক বিবৃতিতে ঘটনার নিন্দা জানিয়ে সংশ্লিষ্ট বক্তব্য প্রত্যাহার ও দুঃখ প্রকাশের আহ্বান জানিয়েছে। সংগঠনটির মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও কোনো নারীর ধর্মীয় পোশাক নিয়ে উপহাস করা শালীন রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
এমএল/এসএএস
