দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশন গঠনে কমিশনার ও চেয়ারম্যান নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। শিগগিরই সার্চ কমিটি গঠিত হতে যাচ্ছে বলে সোমবার জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন।
এরই মধ্যে সার্চ কমিটি গঠনের জন্য দুই বিচারপতি নাম পাঠিয়েছেন প্রধান বিচারপতি। আপিল বিভাগের বিচারপতি ও হাইকোর্ট বিভাগের বিচারপতির নাম সুপারিশ করা হয়েছে বলে একটি সূত্র নিশ্চিত করেছে। গত মে মাসের শেষ সপ্তাহে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সুপ্রিম কোর্টে চিঠি পাঠানো হয় বলে জানা গেছে।
জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন বলেন, হয়তো আপনারা মনে করেন সরকার আন্তরিক নয়। কিন্তু সরকার আন্তরিক ছিল। সার্চ কমিটি গঠন করা হবে এবং একটি দুর্নীতি দমন কমিশন পুনর্গঠন করা হবে। প্রধান বিচারপতি রোববার সার্চ কমিটির জন্য তার প্রতিনিধির নাম পাঠিয়েছেন, ফলে কমিটি গঠনের পথ সুগম হয়েছে।
তিনি বলেন, এখন সার্চ কমিটি গঠন করা হবে। সার্চ কমিটির মাধ্যমে চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের চলমান প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি শক্তিশালী দুর্নীতি দমন কমিশন গড়ে তোলা হবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা দুদক-সংক্রান্ত অধ্যাদেশটি বর্তমান সংসদে অনুমোদিত না হলেও আগের আইন পুনরুজ্জীবিত হয়েছে, যেখানে সার্চ কমিটি গঠনের বিধানও রয়েছে। বর্তমান ব্যবস্থা একটি অন্তর্বর্তী পদক্ষেপ মাত্র। প্রস্তাবিত দুদক বিল সংসদে পাস হওয়ার পর আরও ক্ষমতাসম্পন্ন ও শক্তিশালী দুদক গঠন করা হবে।
আইন অনুযায়ী, সার্চ কমিটিতে থাকবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারপতি, হাইকোর্ট বিভাগের একজন বিচারপতি, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি), মন্ত্রিপরিষদ বিভাগের সদ্য বিদায়ী সচিব এবং সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান।
আরএম/ডিএ
