বিজ্ঞাপন

রাউজানে যুবদল নেতা হত্যা : ১১ জনের নাম উল্লেখ করে মামলা

রাউজানে যুবদল নেতা হত্যা : ১১ জনের নাম উল্লেখ করে মামলা

চট্টগ্রামের রাউজানে প্রকাশ্য দিবালোকে যুবদল নেতা মাসুদুল হক চৌধুরী (৪৫) হত্যার ঘটনায় মামলা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) রাউজান থানায় এই হত্যা মামলাটি রেকর্ড করা হয়। শনাক্ত হওয়া ৫ জন অস্ত্রধারীসহ মামলায় ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতপরিচয় আরও ৭ থেকে ৮ জনকে আসামি করা হয়েছে।

সোমবার (১৬ জুন) রাতে নিহত যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরীর ভাই ও রাঙ্গুনিয়ার বেতাগী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ পিয়ারুল হক চৌধুরী স্বপন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুহাম্মদ বেলায়াত হোসেন মামলার বিষয়টি মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা পোস্টকে নিশ্চিত করেন। তিনি বলেন, রাত সাড়ে ১২টার দিকে দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় মামলাটি রুজু করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার (১৩ জুন) দুপুর দেড়টার দিকে রাউজান উপজেলার পাহাড়তলী চৌমুহনী বাজারের ‘আশরাফিয়া ফার্মেসি’ নামের একটি ওষুধের দোকানের সামনে মাসুদুল হক চৌধুরীকে প্রকাশ্য গুলি করে হত্যা করা হয়। নিহত মাসুদুল হক রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের মৃত আবদুল খালেকের ছেলে। হত্যাকাণ্ডের পর ঘটনাস্থলের একটি সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়ে। সিসিটিভি ফুটেজ দেখে ৫ জন অস্ত্রধারীকে শনাক্ত করে পুলিশ।

জানতে চাইলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, নিহতের ভাইয়ের দেওয়া এজাহারের ভিত্তিতে ১১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা রুজু হয়েছে। সিসিটিভি ফুটেজের মাধ্যমে সব আসামিকে আমরা শনাক্ত করতে পেরেছি। ঘটনার পর গ্রেপ্তার হওয়া সন্দেহভাজন মুহাম্মদ জাকের মিয়াকেও এই মামলায় আসামি করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জেডএস