বিজ্ঞাপন

আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থাপনা নিশ্চিত করতে আগামী ১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) সংযুক্তি বাধ্যতামূলক করেছে সরকার। একইসঙ্গে যানবাহন পরিচালনার সময় জিপিএস চালু রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

গত ১১ জুন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখার সহকারী সচিব মো. জসিম উদ্দীনের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রতিটি গণপরিবহনে জিপিএস সংযুক্ত করতে হবে এবং যানবাহন পরিচালনার সময় তা বাধ্যতামূলকভাবে চালু রাখতে হবে।

এ ছাড়া গণপরিবহনের ফিটনেস সনদ ইস্যু ও নবায়নের সময় সড়ক পরিবহন আইন, ২০১৮–এর ধারা ২৫ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২–এর বিধি ৫৫–এ বর্ণিত বিষয়গুলো পরীক্ষার পাশাপাশি জিপিএস সংযুক্ত করা হয়েছে কি না, তা নিশ্চিত হয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ নবায়ন করবে।

জনস্বার্থে জারি করা এ আদেশ আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে।

এমএইচএন/আরএফ/জেডএস