ঈদ চলে গেলেও জুন মাসের ১৬ তারিখেও মাদ্রাসার কোনো শিক্ষককে বেতন দেওয়া হয়নি বলে সংসদে জানিয়েছেন রংপুর-৬ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা মো. নুরুল আমীন।
মঙ্গলবার ( ১৬ জুন) জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের অষ্টম দিন পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে সংসদ সদস্য মো. নুরুল আমীন এ তথ্য দেন। অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম সভাপতিত্ব করেন।
রংপুর-৬ আসনের সংসদ সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা মো. নুরুল আমীন বলেন, একটা অক্ষরের একটা শব্দ মা। তামাম পৃথিবীর মধুগুলো সেখানে জড়ানো। এই সংসদে এমন অনেকেই আছেন যাদের মা নেই। আমারও মা নেই, সংসদে আসার সময় একজন শিক্ষক আমাকে ফোন দিয়েছিলেন। তিনি তার মায়ের চিকিৎসা করতে পারছেন না। আমার প্রশ্ন হলো, সরকারি চাকরিজীবীদের প্রত্যেক মাসে যদি এক দুই তারিখের মধ্যে বেতনের প্রয়োজন হয়, আমরা দিয়ে থাকি। ঈদ চলে গেল আজ মাসের ১৬ তারিখ, মাদ্রাসার কোনও শিক্ষককে বেতন দেওয়া হয়নি। মে মাসের বেতনটা এখনও পর্যন্ত তারা পায়নি। তো আমার প্রশ্ন হলো- যদি আমরা বেতন দিই, এটা মাসের শুরুতে দিলে তো তারা উপকৃত হতে পারে।
তিনি আরও বলেন, আমার শেষ কথা, আমার মা নেই, ওই লোকটার মা থাকবে না, কেউই থাকবে না। কিন্তু এই লোকটা যেন এই সান্ত্বনা পেতে পারে যে, আমি আমার মায়ের চিকিৎসা করতে পেরেছিলাম। আমি এ ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, আপনার যথাযথ হস্তক্ষেপ কামনা করছি এবং মাদ্রাসার অবহেলিত শিক্ষকদের এই বেতন করার জন্য অনুরোধ করছি। সেই সঙ্গে ইবতেদায়ি মাদ্রাসা সরকারীকরণের জন্য বিনীত অনুরোধ করছি।
এসআর/জেআই/বিআরইউ
