গৃহশ্রমিকদের শ্রম আইনে পূর্ণ অন্তর্ভুক্তি এবং গৃহশ্রমিকদের জন্য শোভন কাজ সংক্রান্ত আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কনভেনশন-১৮৯ দ্রুত অনুসমর্থনের দাবি জানিয়েছে গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক।
আজ (মঙ্গলবার) আন্তর্জাতিক গৃহকর্মী দিবস-২০২৬ উপলক্ষ্যে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
সভায় গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্কের ভারপ্রাপ্ত সমন্বয়কারী আবুল হোসাইন বলেন, গৃহশ্রমিকদের শ্রম আইনের আওতায় এনে মৌলিক শ্রম অধিকার নিশ্চিত করতে হবে। পাশাপাশি নিরাপদ ও মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ, ন্যায্য মজুরি, নির্ধারিত কর্মঘণ্টা, সামাজিক সুরক্ষা এবং নারী গৃহশ্রমিকদের জন্য মাতৃত্বকালীন সুবিধা নিশ্চিত করা জরুরি। এ ছাড়া, গৃহশ্রমিকদের সুরক্ষা ও কল্যাণে যুগোপযোগী নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের আহ্বান জানান তিনি।
বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ বলেন, গৃহশ্রমিকদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়া হলেও কার্যকর আইনি সুরক্ষার অভাবে তারা এখনো ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। বিশেষ করে শিশু গৃহশ্রমিকরা নানা ধরনের নির্যাতন ও শোষণের শিকার হলেও অধিকাংশ ক্ষেত্রে বিচার নিশ্চিত হয় না। গৃহশ্রমিকদের প্রতি সম্মানজনক আচরণ এবং সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তনের আহ্বান জানাচ্ছি।
মানববন্ধনে অন্যরা বলেন, গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্কের দীর্ঘদিনের আন্দোলনের ফলে ২০১৫ সালে ‘গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি’ প্রণয়ন করা হলেও দেশের লাখো গৃহশ্রমিক এখনো দীর্ঘ কর্মঘণ্টা, কম মজুরি, শারীরিক ও মানসিক নির্যাতন, সামাজিক নিরাপত্তাহীনতা এবং আইনি সুরক্ষার অভাবের মধ্যে কাজ করছেন। গৃহশ্রমিকদের অধিকাংশই নারী ও শিশু হওয়ায়, তারা বহুমাত্রিক বৈষম্য ও ঝুঁকির মুখে রয়েছেন। গৃহশ্রমিকদের জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ ও শোভন কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকার, নিয়োগকর্তা, শ্রমিক সংগঠন, মানবাধিকার সংগঠন ও নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে শ্রম আইনে গৃহশ্রমিকদের পূর্ণ অন্তর্ভুক্তি এবং আইএলও কনভেনশন-১৮৯ অনুসমর্থনের মাধ্যমে আন্তর্জাতিক শ্রমমান অনুযায়ী তাদের অধিকার নিশ্চিত করতে হবে। ২০১১ সালের ১৬ জুন আইএলও কনভেনশন-১৮৯ গ্রহণের মাধ্যমে গৃহকর্মকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত কাজ এবং গৃহকর্মীদের শ্রমিক হিসেবে ঐতিহাসিক স্বীকৃতি দেওয়া হয়। সেই অর্জনের স্মরণে প্রতিবছর ১৬ জুন আন্তর্জাতিক গৃহকর্মী দিবস পালন করা হয়।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্কের সদস্য সচিব ও বিলসের পরিচালক নাজমা ইয়াসমীন, স্কপের যুগ্ম সমন্বয়কারী এএসএম ফয়েজ হোসেন, বাংলাদেশ জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি শামীম আরা, বিলস উপদেষ্টা পরিষদের সদস্য নইমুল আহসান জুয়েল প্রমুখ।
এমএইচএন/জেআই/এনএফ
