কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে প্রায় ছয় কোটি ৫০ লাখ টাকা মূল্যের এক লাখ ৩০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
আজ (মঙ্গলবার) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ১টার দিকে টেকনাফ থানার হ্নীলা ইউনিয়নের আলিখালী সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড সদস্যরা অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় একটি বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় প্রায় ছয় কোটি ৫০ লাখ টাকা মূল্যের এক লাখ ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয় এবং এক মাদক কারবারিকে আটক করা হয়।
জব্দ করা ইয়াবা ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের উপকূলীয় এলাকায় মাদক চোরাচালান ও মাদকের বিস্তার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে। সোমবার রাতে অভিযান চালিয়ে সাড়ে ছয় কোটি টাকার ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে।
আরএমএন/জেআই/এনএফ
