বিজ্ঞাপন

রাউজানে মানসিক ভারসাম্যহীন যুবকের মরদেহ উদ্ধার

রাউজানে মানসিক ভারসাম্যহীন যুবকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকা থেকে রাশেদ (৩২) নামের এক মানসিক ভারসাম্যহীন যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (মঙ্গলবার) সকালে উরকিরচর জনকল্যাণ ছাত্রসংঘের পশ্চিম পাশের একটি বাড়ির উঠান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রাশেদ ফটিকছড়ি উপজেলার নানুপুর এলাকার বাসিন্দা ছিলেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ (মঙ্গলবার) সকালে উরকিরচর জনকল্যাণ ছাত্রসংঘের পশ্চিম পাশের একটি বাড়ির উঠানে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে তারা বিষয়টি রাউজান থানা-পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের মরদেহ উদ্ধার করে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘উরকিরচর এলাকা থেকে মানসিক ভারসাম্যহীন এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে প্রাথমিক সুরতহালে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।’

ওসি আরও জানান, মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এই বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এসএএস/এনএফ