বিজ্ঞাপন

পূর্বশত্রুতার জেরে কামরাঙ্গীরচরে যুবক খুন

সিসিটিভির ফুটেজ ধরে চেকপোস্ট পরিচালনা, ৪ ঘণ্টায় গ্রেপ্তার দুই ‘খুনি’

সিসিটিভির ফুটেজ ধরে চেকপোস্ট পরিচালনা, ৪ ঘণ্টায় গ্রেপ্তার দুই ‘খুনি’

রাজধানীর কামরাঙ্গীরচরে পূর্ব শত্রুতার জেরে মোহাম্মদ হোসেন (২৭) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় চার ঘণ্টার মধ্যে জড়িত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কামরাঙ্গীরচর থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন মো. পরান (২০) ও মো. ইমরান (২০)। তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(এডিসি) নিয়াজ মেহেদী বলেন, সোমবার (১৫ জুন) রাত ৮টা ৫০ মিনিটের দিকে কামরাঙ্গীরচর থানার পূর্ব ইসলাম নগর কেন্দ্রীয় ঈদগাহ মাঠসংলগ্ন এলাকায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হন মোহাম্মদ হোসেন।

পরে স্থানীয়দের সহায়তায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এবং অভিযুক্তরা যাতে পালিয়ে যেতে না পারে, সে জন্য বিভিন্ন স্থানে তাৎক্ষণিক চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান শুরু করে।

একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত দেড়টার দিকে কামরাঙ্গীরচরের নূরবাগ এলাকা থেকে এ ঘটনায় সরাসরি জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়।

তিনি জানান, প্রাথমিকভাবে পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় কামরাঙ্গীরচর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জেইউ/এমটিআই

বিজ্ঞাপন