বিজ্ঞাপন

জব্দ করে জরিমানা করল ভোক্তা অধিকার

ফরাশগঞ্জ-শ্যামবাজারে তৈরি হচ্ছে ভেজাল হলুদ গুঁড়া

ফরাশগঞ্জ-শ্যামবাজারে তৈরি হচ্ছে ভেজাল হলুদ গুঁড়া

রাজধানীর ফরাশগঞ্জ ও শ্যামবাজার এলাকায় অভিযান চালিয়ে ১৯ বস্তা ভেজাল ও নিম্নমানের হলুদ গুঁড়া জব্দ করা হয়েছে।

এ সময় ভেজাল মশলা উৎপাদন, প্যাকেটজাত ও বাজারজাত করার অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে জব্দ করা ভেজাল হলুদ গুঁড়া পরে ধ্বংস করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(এডিসি) নিয়াজ মেহেদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সূত্রাপুর থানা পুলিশ জানতে পারে, ফরাশগঞ্জ ও শ্যামবাজার এলাকার কয়েকটি স্থানে ভেজাল ও নিম্নমানের মশলা উৎপাদন, প্যাকেজিং এবং বাজারজাত করা হচ্ছে। পরে এ তথ্যের ভিত্তিতে ডিএমপির লালবাগ বিভাগ ও ভোক্তা অধিকারের সমন্বয়ে যৌথ অভিযান চালানো হয়।

অভিযানকালে ১৯ বস্তা ভেজাল ও নিম্নমানের হলুদ গুঁড়া জব্দ করা হয়। ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট ভেজাল মশলা উৎপাদনের দায়ে চারটি প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করেন। পরে জব্দ করা সব ভেজাল হলুদ গুঁড়া ধ্বংস করা হয়।

জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান নিয়াজ মেহেদী।

জেইউ/এসএএস/এমটিআই