রাজধানীর কলাবাগানের পান্থপথে গাছ থেকে আম পাড়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে আবু রায়হান (২৮) নামে এক নিরাপত্তা কর্মীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার(১৬ জুন) বিকেলের দিকে তিনি বিদ্যুৎস্পষ্ট হন। পারে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আবু রায়হানের বাড়ি ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ উপজেলার বাউলের চর এলাকায়। তার বাবার নাম মোঃ জামাল উদ্দিন। পরিবারের সাথে পান্থপথ এলাকায় বসবাস করতেন তিনি।
আবু রায়হানকে হাসপাতালে নিয়ে আসা মো. মমতাজুর জানান, নিহত রায়হান এভিপি কোম্পানির সিকিউরিটি গার্ড। বিকেলে পান্থপথে অফিসে গাছ থেকে আম পাড়তে গিয়ে অসাবধানতা বসত বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পড়েন। পরে বিষয়টি আমরা জানতে পেরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলেও আর বাঁচানো সম্ভব হয়নি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে । বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
এসএএ/এমটিআই
