জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর মধ্যে নারী, শিশু ও প্রতিবন্ধীরা রয়েছেন বলে মন্তব্য করেছেন পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. জিয়াউল হক।
তিনি বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত নারীদের সহায়তায় সামাজিক সুরক্ষা কর্মসূচিকে আরও কার্যকর করতে হবে। পাশাপাশি বাস্তুচ্যুত মানুষের জন্য মৌলিক সেবা নিশ্চিত করা এবং বিদ্যমান নীতিমালার বাস্তবায়নে জোর দিতে হবে।
মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর বাংলাদেশ মহিলা পরিষদের আনোয়ারা বেগম-মুনিরা খান মিলনায়তনে ‘জলবায়ু পরিবর্তনের প্রভাব: পরিবেশ আইনে নারীর সুরক্ষা’ শীর্ষক মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেমের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় জিয়াউল হক বলেন, ‘জলবায়ু পরিবর্তনের বিষয়টি বিভিন্ন নীতিমালায় যথেষ্ট গুরুত্ব পেয়েছে। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এসব নীতির কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা।’
তিনি বলেন, নারীর অধিকার রক্ষায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের মধ্যে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে বর্তমান পরিবেশগত মানোন্নয়নেও কার্যকর পদক্ষেপ নিতে হবে।
সভাপতির বক্তব্যে ডা. ফওজিয়া মোসলেম বলেন, নিজেদের চাহিদা পূরণ করতে গিয়ে মানুষ প্রকৃতির ভারসাম্য নষ্ট করে ফেলেছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশ ও প্রকৃতিকে সুরক্ষিত রাখা এখন সময়ের দাবি।
তিনি বলেন, জলবায়ু সংকট মোকাবিলার পাশাপাশি সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য কমাতেও পরিবেশ সুরক্ষাকে গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে জলবায়ু অভিযোজনে নারীদের সক্ষমতাকে কাজে লাগাতে হবে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের ডিন অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তন শুধু পরিবেশগত সংকট নয়, এটি মানবাধিকার ও সামাজিক ন্যায়বিচারেরও একটি বড় ইস্যু। বাংলাদেশের উপকূলীয় ও গ্রামীণ অঞ্চলের পুরুষদের তুলনায় নারীরা বেশি নেতিবাচক প্রভাবের মুখে পড়ছেন। তিনি পরিবেশ আইনে জলবায়ু পরিবর্তন ও লিঙ্গভিত্তিক সুরক্ষাবিষয়ক বিশেষ বিধান যুক্ত করার সুপারিশ করেন।
আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের সভাপতি মনজিল মোরশেদ বলেন, পরিবেশ রক্ষায় বিদ্যমান আইনগুলো কার্যকরভাবে বাস্তবায়ন করতে পারলে অনেক সংকট মোকাবিলা করা সম্ভব।
জেইউ/এমটিআই/জেআই
