প্রথমবার রাজশাহী সফর করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। তিনি তাওয়া থেকে নামানো গরম গরম কালাই রুটি খেয়েছেন। বানেশ্বরে আমের বাজার ঘুরেছেন, প্রশংসা করেছেন আমের স্বাদের। এছাড়া পরিদর্শন করেছেন বড় শিব মন্দির, গোবিন্দ মন্দির ও গোপাল মন্দির।
মঙ্গলবার (১৬ জুন) ঢাকার মার্কিন দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কয়েকটি পোস্টের মাধ্যমে এসব তথ্য জানিয়েছেন।
আম নিয়ে করা পোস্টে বলা হয়, বানেশ্বর বাজারে এসে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন এক সহজ সত্য উপলব্ধি করলেন রাজশাহীর আমের তুলনা নেই। খুব মজা।
পুলিশ একাডেমি পরিদর্শন নিয়ে আরেক পোস্টে বলা হয়, রাষ্ট্রদূত সারদায় অবস্থিত ঐতিহাসিক বাংলাদেশ পুলিশ একাডেমিতে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ আইন প্রয়োগকারী সংস্থাগুলোর দীর্ঘদিনের সহযোগিতার ঐতিহ্য উদযাপন করেন।
অপর এক পোস্টে জানানো হয়, রাষ্ট্রদূত বাংলাদেশের উল্লেখযোগ্য সাংস্কৃতিক নিদর্শন সম্পর্কে জানতে দৃষ্টিনন্দন বড় শিব মন্দির, গোবিন্দ মন্দির ও গোপাল মন্দির পরিদর্শন করেন।
রাজশাহীতে উষ্ণ অভ্যর্থনার প্রশংসা করে আরেক পোস্টে রাষ্ট্রদূতকে উদ্ধতি করে বলা হয়, ‘‘পদ্মা থেকে পাহাড়পুর—রাজশাহীর ইতিহাস ও প্রাণশক্তি সত্যিই অসাধারণ। উষ্ণ অভ্যর্থনার জন্য প্রশাসক মাহফুজুর রহমান রিটন এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। আমাদের সহযোগিতা আরও জোরদার করার প্রত্যাশা করছি।"
এনআই/এমটিআই
