সকাল সকাল আর্জেন্টিনার খেলা দেখতে বাবা-মায়ের হাত ধরে টিএসসিতে এসেছে ৪ বছর বয়সী দুই শিশু মাহাদী ও সোয়াইব। তাদের দুজনের গায়েই আর্জেন্টিনার আকাশি-নীল জার্সি এবং চোখে কালো চশমা।
বুধবার (১৭ জুন) সকালে খেলা শুরুর আগেই বাবা-মায়ের হাত ধরে টিএসসিতে আসে তারা। এ সময় উপস্থিত অন্যান্য আর্জেন্টাইন ভক্তদের তাদের সঙ্গে ছবি তুলতে দেখা যায়।
মাহাদী ও সোয়াইবের বাবা রফিকুল ইসলাম বলেন, খেলা দেখবে বলে আজ খুব ভোরেই ওরা ঘুম থেকে উঠে গেছে। অন্য দিন সাধারণত ওরা বেশ দেরিতে ঘুম থেকে ওঠে। আমাদের পরিবারের সবাই আর্জেন্টিনার সমর্থক। তাই ওদের খেলা দেখতে নিয়ে এসেছি।
এর আগে খেলা শুরুর আগেই টিএসসির আঙিনা আর্জেন্টাইন সমর্থকদের পদচারণায় কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। সবার গায়েই ছিল আর্জেন্টিনার জার্সি এবং হাতে ছিল বাঁশি।
এমএল/এমএন
