ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে সরকার সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে। বিপুল ঋণের বোঝা নিয়ে দায়িত্ব গ্রহণ করলেও জনকল্যাণমূলক কার্যক্রম থেকে সরকার একচুলও সরে আসেনি।
বুধবার (১৭ জুন) হাটহাজারী উপজেলার গুমান মর্দন ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে বোতাম চেপে হাটহাজারীর গুমান মর্দন ইউনিয়নের উপকারভোগীদের ফ্যামিলি কার্ডের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করেন।
মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, প্রায় ৩০ লাখ কোটি টাকার ঋণের চাপ থাকা সত্ত্বেও সরকার দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সামাজিক নিরাপত্তা ও কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। শুধু দালান-কোঠা, রাস্তাঘাট কিংবা অবকাঠামো নির্মাণ করলেই উন্নয়ন হয় না; প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষের জীবনমানের উন্নয়ন নিশ্চিত করাই প্রকৃত উন্নয়ন।
তিনি বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-মুয়াজ্জিন, পুরোহিতসহ ধর্মীয় ব্যক্তিদের ভাতা, ক্রীড়াবিদদের সম্মানিসহ বিভিন্ন সামাজিক কল্যাণমূলক প্রকল্পে সরকার কাজ করছে।
বাজেট প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, অতীতে বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়লেও এবারের বাজেটে সাধারণ মানুষের প্রয়োজনীয় পণ্যের দাম কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে চিকিৎসা ব্যয় কমাতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, জনস্বাস্থ্য ও সামাজিক সুরক্ষার স্বার্থে সিগারেট ও মদের দাম বাড়ানো হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, দেশের উন্নয়নকে টেকসই করতে হলে মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধি, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রান্তিক জনগোষ্ঠীকে মূলধারায় নিয়ে আসতে হবে। সেই লক্ষ্যেই সরকার মানুষের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।
চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ সফিকুল ইসলাম, উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক আল আমিন এবং চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম বক্তব্য দেন।
এমআর/আরএফ/বিআরইউ
