বিজ্ঞাপন

চট্টগ্রামে ইয়াবা পাচারের সময় পুলিশের ধাওয়া, যুবকের মৃত্যু

চট্টগ্রামে ইয়াবা পাচারের সময় পুলিশের ধাওয়া, যুবকের মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে চেকপোস্টে থামার সংকেত অমান্য করে পালানোর সময় মোটরসাইকেল দুর্ঘটনায় কক্সবাজারের ঈদগাঁও উপজেলার এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। একইসঙ্গে মোটরসাইকেল আরোহীদের ফেলে যাওয়া একটি ব্যাগ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করার দাবি করেছে পুলিশ।

বুধবার (১৭ জুন) দুপুরে বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের দক্ষিণ পুঁইছড়ি ফুটখালী ব্রিজসংলগ্ন পুলিশ চেকপোস্টে এ ঘটনা ঘটে।

পরে প্রায় ১০ কিলোমিটার দূরে গন্ডামারা ইউনিয়নের মহল্লাপাড়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় একজনের মৃত্যু হয় বলে জানায় পুলিশ।

নিহত শহীদ (৩২) কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ভোমরিয়াঘোনা এলাকার বাসিন্দা। আহত আরিফ আবদুল্লাহ (২৫) কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী এলাকার বাসিন্দা। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, চেকপোস্টে দায়িত্ব পালনকালে বাঁশখালী থানার এসআই জামাল হোসেন, কনস্টেবল ওয়াসিম ও কনস্টেবল রাসেল একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেন। তবে আরোহীরা সংকেত অমান্য করে দ্রুত গতিতে পালিয়ে যান।

এসআই জামাল হোসেন জানান, পালানোর সময় মোটরসাইকেল আরোহীরা একটি কমলা রঙের ব্যাগ ফেলে যায়। পরে ব্যাগটি তল্লাশি করে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি বলেন, মোটরসাইকেলটির পিছু নেওয়া হলেও কিছুদূর যাওয়ার পর সেটি দৃষ্টির আড়ালে চলে যায়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, পরে মোটরসাইকেলটি গন্ডামারা ইউনিয়নের মহল্লাপাড়া এলাকায় একটি স্পিডব্রেকার বা আইল্যান্ডে ধাক্কা খেয়ে দুর্ঘটনার কবলে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত দুই আরোহীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শহীদের মৃত্যু হয়।

এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক জানান, চেকপোস্টে ফেলে যাওয়া ব্যাগ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আরএমএন/জেডএস