বিজ্ঞাপন

প্রয়াত আবদুল্লাহ আল নোমানের নামে গণশিক্ষা মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র!

প্রয়াত আবদুল্লাহ আল নোমানের নামে গণশিক্ষা মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র!

প্রয়াত বিএনপি নেতা, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানের নামে আমন্ত্রণপত্র পাঠিয়ে সমালোচনার মুখে পড়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

আগামী ২০ জুন ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ‘সংসদ সদস্য’ পরিচয়ে আবদুল্লাহ আল নোমানকে আমন্ত্রণ জানানো হয়। অথচ তিনি ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। বর্তমানে চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন তার ছেলে সাঈদ আল নোমান।

বুধবার (১৭ জুন) জাতীয় সংসদের চলতি অধিবেশনের সময় নিজের ডেস্কে বাবার নামে পাঠানো আমন্ত্রণপত্র দেখে আবেগাপ্লুত হন সাঈদ আল নোমান। পরে তিনি বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন।

স্ট্যাটাসে তিনি লেখেন, এটি হয়তো প্রশাসনিক ভুল, তবে অনুভূতির জায়গা থেকে বিষয়টি ভিন্ন অর্থ বহন করে। তার ভাষায়, মনে হয়েছে যেন জাতীয় সংসদ এখনও বিশ্বাস করে আবদুল্লাহ আল নোমান মানুষের স্মৃতি ও ভালোবাসার মধ্যেই বেঁচে আছেন।

তবে ঘটনাটি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্যভান্ডার হালনাগাদ না থাকা এবং প্রশাসনিক অব্যবস্থাপনার বিষয়টিও সামনে এনেছে। বর্তমান সংসদ সদস্যদের তালিকা যাচাই না করেই আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্টদের অভিযোগ।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন। তিনি ১৯৯১ ও ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়ে মন্ত্রীর দায়িত্ব পালন করেন। তার ছেলে সাঈদ আল নোমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১০ আসন থেকে নির্বাচিত হন।

আরএমএন/এসএম