ড্যাপ (ডিটেইলড এরিয়া প্ল্যান) সংশোধনসহ আবাসন খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলামের সঙ্গে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) পরিচালনা পর্ষদের (২০২৬–২০২৮) বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ (বৃহস্পতিবার) রাজউকের প্রধান কার্যালয়ে সকালে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাজউক চেয়ারম্যানসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রিহ্যাব প্রেসিডেন্ট ড. আলী আফজালের নেতৃত্বে অনুষ্ঠিত এ বৈঠকে রিহ্যাব পরিচালনা পর্ষদের সদস্যরা অংশগ্রহণ করেন।
বৈঠকে ড্যাপ সংশোধনের প্রয়োজনীয়তা তুলে ধরে রিহ্যাব প্রেসিডেন্ট বলেন, বর্তমান ড্যাপে বাস্তবতার সঙ্গে অসংগতি ও বৈষম্য রয়েছে। সীমিত জমির বাস্তবতায় আধুনিক নগরায়নের জন্য সিটি সেন্টারের মতো বহুতল ও পরিকল্পিত ভবন নির্মাণের সুযোগ আরও বিস্তৃত করা প্রয়োজন। পাশাপাশি তিনি সমগ্র দেশের পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করতে কৃষি, আবাসন, শিল্পাঞ্চল ও বনায়নের জন্য পৃথক জোন নির্ধারণের ওপর গুরুত্বারোপ করেন। ঢাকার বিকেন্দ্রীকরণের লক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ে বিশেষ ঋণ ও প্রণোদনা দেওয়ার প্রয়োজনীয়তার কথাও তিনি উল্লেখ করেন।
বৈঠকে রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক ড্যাপ ও আবাসন খাতের বিভিন্ন সমস্যা নিয়ে একটি দীর্ঘ আলোচনা অনুষ্ঠান আয়োজনের প্রস্তাব দেন। রাজউক চেয়ারম্যান প্রস্তাবটি গ্রহণ করেন এবং ভবিষ্যতে এ বিষয়ে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজনের আশ্বাস দেন।
অনুষ্ঠানে রাজউক চেয়ারম্যান বলেন, দেশ সবার। সবার জন্য একটি পরিকল্পিত ও টেকসই আবাসন ব্যবস্থা গড়ে তোলা জরুরি। তিনি রিহ্যাবের ভূমিকার প্রশংসা করেন এবং যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ বৈঠকে রিহ্যাব পরিচালনা পর্ষদের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট-২ আবু খালিদ মো. বরকত উল্লাহ, ভাইস প্রেসিডেন্ট-৩ এ. এফ. এম. ওবায়দুল্লাহ, পরিচালক ডা. এন. জোহা, মো. গোলাম কিবরিয়া মজুমদার, প্রফেসর ফারুক আহমদ, মো. জহির আহমেদ, ক্যাপ্টেন মো. শাহ আলম, মো. খাজা নজিবুল্লাহ চৌধুরী, হাবিবুর রহমান হাবিব, মো. ইমদাদুল হক, এম ফখরুল ইসলাম ও মো. এমদাদুল হোসেন সোহেল।
এমএম/এসএএস/এনএফ
