রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকায় বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তার স্ত্রী ফারাহ দিবা হত্যাকাণ্ডের ঘটনার দুই বছর পর প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
যাকে গ্রেপ্তার করা হয়েছে তার নাম সবুজ। তিনি ভুক্তভোগীর পরিবারের গাড়ির ড্রাইভার ছিলেন।
ঘটনার পর দীর্ঘ দুই বছর আত্মগোপনে থাকা সবুজকে আজ (বৃহস্পতিবার) কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করে র্যাবের একটি দল।
বিষয়টি নিশ্চিত করে র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, অবসরপ্রাপ্ত উইং কমান্ডার কাজী আব্দুল মতিনের স্ত্রী হত্যার ঘটনার পর ২ বছর আত্মগোপনে থাকা প্রধান আসামিকে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৭ অক্টোবর রাজধানীর মিরপুর ডিওএইচএসের ১০ নম্বর এভিনিউয়ের ১০ নম্বর রোডের একটি বাসা থেকে ফারাহ দীবার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে পল্লবী থানার পুলিশ।
ষাটোর্ধ্ব ওই নারীর হত্যা সম্পর্কে সে সময় পল্লবী থানার পুলিশ জানায়, স্বামী ও সন্তানরা বাইরে থাকা অবস্থায় দুর্বৃত্তরা ফারাহ দিবাকে হত্যা করে বাড়িতে লুটপাট চালায়।
সে সময় পুলিশের চোখে মূল সন্দেহভাজন ছিলেন মিলন (কেয়ারটেকার) এবং সবুজ (গাড়িচালক)। গ্রেপ্তারের পর মিলন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মিলনের গ্রেপ্তারের পর গাড়িচালক সবুজ আত্মগোপনে চলে যান। মিলনের জবানবন্দিতে উঠে আসে ফারাহ দিবা হত্যায় সবুজের নাম।
জেইউ/এসএএস/এনএফ
