বিজ্ঞাপন

কদমতলীতে মধ্যরাতে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

কদমতলীতে মধ্যরাতে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

রাজধানীর কদমতলী পূর্ব জুরাইন এলাকায় মধ্যরাতে ব্যবসা শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে মো. কুদ্দুস (৫০) নামে এক সবজি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) রাত পৌনে ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত কুদ্দুস পূর্ব জুরাইন দারোগাবাড়ি রোডের ৯১/এ নম্বর বাসার বাসিন্দা। তিনি স্থানীয় বৌ বাজারে সবজির ব্যবসা করতেন বলে জানিয়েছেন স্বজনরা।

তাকে হাসপাতালে নিয়ে আসা বাড়ির মালিক কামাল শিকদার জানান, রাতের দিকে ব্যবসা শেষে কুদ্দুস পূর্ব জুরাইনের নবারণ গলির পপি স্কুলের সামনের সড়ক দিয়ে বাসায় ফিরছিলেন। এ সময় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে ফেলে রেখে পালিয়ে যায়। পরে খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

এসএএ/এসএএস/বিআরইউ