বিজ্ঞাপন

সিডিএ চেয়ারম্যান বেলায়েত

জিয়াউর রহমানের জাতীয়তাবাদী দর্শন আজও প্রেরণার উৎস

জিয়াউর রহমানের জাতীয়তাবাদী দর্শন আজও প্রেরণার উৎস

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং আধুনিক বাংলাদেশের দূরদর্শী রূপকার। সংকটময় মুহূর্তে তার ঐতিহাসিক ঘোষণা ও নেতৃত্ব দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছিল। তার সততা, দেশপ্রেম ও জাতীয়তাবাদী দর্শন আজও আমাদের প্রেরণা জোগায়।

শুক্রবার (১৯ জুন) সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে তিনি এসব কথা বলেন। বিপুলসংখ্যক নেতাকর্মী ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে নিয়ে তিনি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। পরে জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এরপর তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সম্প্রতি নির্মম হত্যাকাণ্ডের শিকার রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল করিম চৌধুরীর কবর জিয়ারত করেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান। 

বেলায়েত হোসেন বলেন, রাঙ্গুনিয়ার এই পবিত্র মাটি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত এক ঐতিহাসিক স্থান। আমরা তার আদর্শ ধারণ করে একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাব।

তিনি বলেন, বিগত ১৭ বছর ধরে আমাদের নেতাকর্মীরা বৈষম্য, বঞ্চনা, হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছেন। অনেকে বাড়িঘর থেকে বিচ্ছিন্ন ছিলেন, পরিবার-পরিজন থেকে দূরে থাকতে বাধ্য হয়েছেন। লাখো নেতাকর্মী একাধিক মামলায় বারবার কারাবরণ করেছেন। তাদের জীবনের সোনালি সময় কেটে গেছে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে। জিয়াউর রহমানের আদর্শই আমাদের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে ঐতিহাসিক জুলাই বিপ্লবে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করেছে। ছাত্র-জনতার অংশগ্রহণে আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারকে দেশত্যাগে বাধ্য করা হয়েছে। বর্তমানে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার দেশ পরিচালনা করছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ায় আমি তার প্রতি কৃতজ্ঞ। আমি চট্টগ্রাম নগরকে নান্দনিক, পরিকল্পিত ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে কাজ করব। প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়নের লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছি।

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা উল্লেখ করে সিডিএ চেয়ারম্যান বলেন, যারা দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত হবে, তাদের প্রতি কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। নগর ও সিডিএর স্বার্থে আমি আপসহীন থাকতে চাই। আপনারা কাজ পাবেন, তবে কাজের মানের ক্ষেত্রে কোনো আপস করা হবে না। সবার আগে সরকারি স্বার্থই আমার কাছে বড়। কোনো অবৈধ দখলদারকে আমি বিন্দুমাত্র ছাড় দেব না।

এ সময় উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সদস্য সচিব আবদুস সালাম, যুগ্ম আহ্বায়ক মো. সাদেক, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরওয়ার উদ্দীন সেলিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম বাবুল, যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদার, জসিম চৌধুরী ও শাওন উদ্দিন রকি এবং উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক এম. মাসুদ আলম।

এনামুল হক নাবিদ/এসএএস