বিজ্ঞাপন

শ্যামপুরে রাস্তা পারাপারের সময় মাইক্রোবাসের ধাক্কায় এক ব্যক্তি নিহত

শ্যামপুরে রাস্তা পারাপারের সময় মাইক্রোবাসের ধাক্কায় এক ব্যক্তি নিহত

রাজধানীর শ্যামপুরে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির মাইক্রোবাসের ধাক্কায় অজিত বাবু (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার (১৯ জুন) সকাল আনুমানিক সোয়া ৮টার দিকে শ্যামপুরের পোস্তগোলা যাত্রী ছাউনির সামনে এ দুর্ঘটনা ঘটে। 

পরে গুরুতর আহত অবস্থায় সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) দীপক জানান, সকালে পোস্তগোলা যাত্রী ছাউনির সামনে রাস্তা পার হচ্ছিলেন অজিত বাবু। এ সময় দ্রুতগতির একটি গাড়ি তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে শ্যামপুর থানা পুলিশ তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে, জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। 

তিনি বলেন, আমরা এখনো নিহতের পূর্ণাঙ্গ পরিচয় জানতে পারিনি। আশপাশের সিসিটিভির ফুটেজ দেখে ঘাতক গাড়িটি শনাক্তের প্রক্রিয়া চলছে। প্রযুক্তির সহায়তায় নিহতের পরিচয় শনাক্তের জন্য ইতোমধ্যেই সিআইডির ক্রাইমসিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এসএএ/জেআই/এমএসএ