বিজ্ঞাপন

কলাবাগানে নির্মাণাধীন ভবন থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু

কলাবাগানে নির্মাণাধীন ভবন থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু

রাজধানীর কলাবাগানে একটি নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে মো. ইয়াছিন (৩৮) নামের এক রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৯ জুন) সকালে কলাবাগান থানার ভূতের গলি মসজিদ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়াছিন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার চাঙ্গীরগাঁও গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, আজ আনুমানিক সকাল ৯টা ৩০ মিনিটের দিকে ভূতের গলি এলাকার ওই নির্মাণাধীন ভবনের ছয় তলায় কাজ করছিলেন ইয়াছিন। এ সময় অসাবধানতাবশত তিনি নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে তার সহকর্মীরা তাকে উদ্ধার করে সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টা ৪০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী ও ঘটনার প্রত্যক্ষদর্শী ছায়েদুল জানান, ছয় তলায় কাজ করার সময় আকস্মিকভাবে ইয়াছিন নিচে পড়ে যান। গুরুতর অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে এলেও বাঁচানো যায়নি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

এসএএ/জেআই/এমএন

বিজ্ঞাপন