কক্সবাজারের কুতুবদিয়ার পশ্চিমে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে দুই দিন ধরে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ চার জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
শুক্রবার (১৯ জুন) বিকেলে কোস্টগার্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কোস্টগার্ড জানায়, ফিশিং বোট চার জেলেকে নিয়ে সন্দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করে। গত বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর ২টার দিকে কুতুবদিয়ার পশ্চিমে গভীর সমুদ্রে বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। ফলে বোটটি নিয়ন্ত্রণ হারিয়ে সমুদ্রে ভাসতে থাকে। পরে শুক্রবার সকাল ৯টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে সহায়তা চান জেলেরা।
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সমুদ্রে টহলে থাকা বাংলাদেশ কোস্ট গার্ডের একটি জাহাজ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। এ সময় বিকল হওয়া ফিশিং বোটসহ চার জেলেকে জীবিত উদ্ধার করা হয়।
এ বিষয়ে লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়া চার জেলেসহ ফিশিং বোটটি মালিকপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ড নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।
এমআর/জেআই/এমএন
