বিজ্ঞাপন

পটিয়ায় শিশু জায়হান হত্যা : খুনিদের ঘর গুঁড়িয়ে দিলো বিক্ষুব্ধ জনতা

পটিয়ায় শিশু জায়হান হত্যা : খুনিদের ঘর গুঁড়িয়ে দিলো বিক্ষুব্ধ জনতা

চট্টগ্রামের পটিয়ায় নির্মমভাবে খুন হওয়া শিশু জায়হান (৭) হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্তদের ঘরবাড়ি গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার (১৯ জুন) রাতে পটিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোবিন্দারখীল পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় দক্ষিণ গোবিন্দারখীল গ্রামের বাসিন্দা মো. শাহজাহানের ছেলে জায়হান। নিখোঁজের পর তার পরিবারের শয়নকক্ষের বিছানায় একটি হাতে লেখা চিরকুট পাওয়া যায়। চিরকুটে শিশুটিকে ফিরিয়ে দেওয়ার শর্ত হিসেবে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

চিরকুটে লেখা ছিল, তোর ছেলে আমাদের কাছে আছে। ছেলেকে পেতে চাইলে যেটা বলছি সেটা শুন। আধা ঘণ্টার মধ্যে ৩ লাখ টাকা এবং তোমাদের পরিবারের যেকোনো একজনের মোবাইল আনলক করে একটি ব্যাগে ভরে বাড়ির সামনের রাস্তার পাশে ভাঙা দোকানের ভেতর রেখে দিবি।

ঘটনার পর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও পটিয়া থানা পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে বৃহস্পতিবার ভোরে নিখোঁজ শিশুর প্রতিবেশী সাইফুল ইসলামের ঘরের পেছনের একটি ময়লার ভাগাড় থেকে বস্তাবন্দি অবস্থায় জায়হানের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, শিশুটিকে হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রতিবেশী সাদিয়া আক্তার নিহা (১৯), তার বাবা ও মা শাহানুর আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে।

শিশুটির মরদেহ উদ্ধারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এর জেরে বৃহস্পতিবার রাতে উত্তেজিত জনতা অভিযুক্তদের ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে এবং ঘরবাড়ি গুঁড়িয়ে দেয়।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, জায়হান হত্যা মামলার আসামিদের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে। আদালত আবেদন মঞ্জুর করলে তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

তিনি আরও জানান, কারা আসামিদের বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

এমআর/জেডএস