বিজ্ঞাপন

লোহাগাড়ায় খেলার মাঠের জমে থাকা পানিতে ডুবে শিশুর মৃত্যু

লোহাগাড়ায় খেলার মাঠের জমে থাকা পানিতে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় খেলার মাঠে জমে থাকা পানিতে ডুবে মো. আকসান নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২০ জুন) দুপুরে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আবদুর রউফ বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আকসান ওই এলাকার বাসিন্দা ও সুখছড়ী রহমানিয়া আদর্শ দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মোরশেদ হোসেনের ছেলে। সে একই প্রতিষ্ঠানের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় বাসিন্দা দিদার হোসেন জানান, দুপুরে কয়েকজন বন্ধুর সঙ্গে বাড়ির পাশের একটি মাঠে ফুটবল খেলতে যায় আকসান। মাঠের একপাশে একটি গর্তে বৃষ্টির পানি জমে ছিল। দুপুর দুইটার দিকে অন্য শিশুরা বাড়ি ফিরে গেলেও আকসান মাঠেই খেলছিল। কিছুক্ষণ পর এক পথচারী তাকে জমে থাকা পানিতে উপুড় হয়ে পড়ে থাকতে দেখে চিৎকার দিলে স্থানীয় লোকজন ছুটে আসেন। পরে তারা আকসানকে উদ্ধার করে উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেডএস