চট্টগ্রামের আনোয়ারায় চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যা মামলার রহস্য উদ্ঘাটন এবং ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামিকে গ্রেপ্তার করায় গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলসহ চার পুলিশ সদস্যকে স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে বিশেষ পুরস্কার দেওয়া হয়েছে।
শনিবার (২০ জুন) বেলা ১১টার দিকে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পুরস্কারপ্রাপ্তদের হাতে এই সনদপত্র ও আর্থিক সম্মানী তুলে দেন।
অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সাহসিকতা ও জনহিতকর কাজের স্বীকৃতিস্বরূপ দেশের বিভিন্ন অঞ্চলের পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়। চট্টগ্রামের বিশেষ ঘটনায় পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তারা হলেন– চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল, উপপরিদর্শক (এসআই) মো. আবু সেলিম রেজা, আনোয়ারা থানার এসআই (নিঃ) শিমুল চন্দ্র দাস এবং কনস্টেবল রিমন।
এর আগে, গত ১৩ জুন (শনিবার) আলোচিত মা-মেয়ে হত্যাকাণ্ডের পর দ্রুত তদন্ত পরিচালনা করে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযানে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি এবং ভুক্তভোগীদের লুণ্ঠিত মোবাইল ফোনও উদ্ধার করা হয়। ক্লুলেস এই মামলার দ্রুত রহস্য উদ্ঘাটন ও সফল অভিযানের স্বীকৃতি হিসেবেই এই সম্মাননা দেওয়া হয়।
আতিকুল হা-মীম/বিআরইউ
