বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার এক দুর্গম পাহাড়ি গ্রাম থেকে স্ট্রোকে আক্রান্ত রামকিল বম (৭৪) নামের এক বৃদ্ধাকে হেলিকপ্টারে করে উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
শনিবার (২০ জুন) বিকেলে তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, আজ সকালে রোয়াংছড়ির দুর্গম এলাকায় বসবাসরত রামকিল বম আকস্মিকভাবে স্ট্রোকে আক্রান্ত হন। চিকিৎসার কোনো সুযোগ না থাকায় পাহাড়ি ওই দুর্গম এলাকায় দ্রুত তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। জরুরি ভিত্তিতে তাকে উন্নত চিকিৎসা দেওয়া প্রয়োজন হয়ে পড়ে।
খবর পেয়ে মানবিক দায়িত্ববোধ থেকে তাৎক্ষণিকভাবে উদ্ধার ও চিকিৎসা সহায়তার উদ্যোগ নেয় বাংলাদেশ সেনাবাহিনী। বান্দরবান রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে সেনাবাহিনীর একটি বিশেষ হেলিকপ্টার বিকেলে ওই দুর্গম এলাকায় পৌঁছায়। পরে সেখান থেকে অসুস্থ বৃদ্ধাকে উদ্ধার করে সরাসরি চট্টগ্রাম সিএমএইচে নিয়ে আসা হয়।
আইএসপিআর জানায়, অসুস্থ রামকিল বম বর্তমানে চট্টগ্রাম সিএমএইচের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
সেনাবাহিনী জানায়, দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি পার্বত্য অঞ্চলের সব সম্প্রদায়ের মানুষের জীবনমান উন্নয়ন ও যেকোনো জরুরি মানবিক সহায়তায় সেনাবাহিনী সব সময় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই উদ্ধার অভিযান তারই একটি অংশ।
আতিকুল হা-মীম/বিআরইউ
