বিজ্ঞাপন

কদমতলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

কদমতলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

রাজধানীর কদমতলী থানার শ্যামপুর স্কুল রোড, পালপাড়া বেলতলা এলাকায় একটি বাসার বাহিরে ৩য় তলায় মই বেধে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মোজাম্মেল রাঢ়ী (৩৫) নাম এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (২০ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৪টার দিকে তাকে মৃত্যু ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা ওই বাসার মালিক মো. শরীফ জানান, বিকেল সাড়ে ৩টার দিকে আমার বাসা শ্যামপুর স্কুল রোড পালপাড়া বেলতলা বাসার পিছন সাইডে তিন তলায় মাচাং বেঁধে প্লাস্টারের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ওই শ্রমিক পটুয়াখালী জেলার গলাচিপা থানার কালাই বেশর বরইতলা গ্রামের আব্দুর রশিদ রাঢ়ীর ছেলে। তিনি বর্তমানে শ্যামপুর এলাকায় পরিবার নিয়ে থাকতেন।

ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

এসএএ/জেআই/এমএন