বিজ্ঞাপন

পূর্ব লন্ডনে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ বইমেলা, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব

পূর্ব লন্ডনে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ বইমেলা, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব

বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির বিকাশ ও নতুন প্রজন্মের মধ্যে সাংস্কৃতিক চেতনা জাগ্রত করার লক্ষ্য নিয়ে সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্যের উদ্যোগে পূর্ব লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ বইমেলা, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব ২০২৬।

আগামী ২৭ ও ২৮ জুন পূর্ব লন্ডনের ব্রাডি আর্টস সেন্টার, ( ভ‍্যানু- ১৯২-১৯৬ হানবারি স্ট্রিট লন্ডন, ইওয়ান ফাইভ এইচ ইউ) এ আয়োজনটি অনুষ্ঠিত হবে।

দুই দিনব্যাপী এই আয়োজনে— প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য বইমেলা ও উৎসব উন্মুক্ত থাকবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

প্রবাসে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির চর্চা ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী এই আয়োজনকে ঘিরে এরইমধ্যে সাহিত্যিক, লেখক, শিল্পী, প্রকাশক এবং সংস্কৃতিপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে। সাহিত্য, শিল্প, সংস্কৃতি এবং নতুন প্রজন্মের মধ্যে সেতুবন্ধন গড়ে তোলার লক্ষ্যেই এবারের বইমেলার পরিকল্পনা করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫ সালের ১ জানুয়ারি নতুন কার্যনির্বাহী কমিটি দায়িত্ব গ্রহণের পর সংগঠনটি সাহিত্য, শিল্প ও সংস্কৃতিকেন্দ্রিক কার্যক্রমকে অগ্রাধিকার দিয়ে একটি অংশগ্রহণমূলক, স্বচ্ছ ও আত্মনির্ভর সাংগঠনিক কাঠামো গড়ে তোলার যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে—তারই ধারাবাহিকতায় এবারের আয়োজনটি আরও বিস্তৃত, অন্তর্ভুক্তিমূলক এবং মানসম্মতভাবে সাজানো হয়েছে।

এবারের বইমেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও চিন্তক রূপা চক্রবর্তী। উদ্বোধক ও বিশেষ অতিথি হিসেবে থাকবেন শিক্ষাবিদ ও বাংলা ভাষার অনুবাদক ড. মার্টিন ক্যাম্পচেন।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি শামীম আজাদ, বিশিষ্ট অনুবাদক আনিসুজ্জামান এবং শিক্ষাবিদ ও সাবেক শিক্ষা সচিব ড. গৌরাঙ্গ মহন্ত।

বইমেলায় যুক্তরাজ্য ও বাংলাদেশের বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। পাঠকদের জন্য থাকবে নতুন বইয়ের প্রদর্শনী, বিক্রয়, গ্রন্থ উন্মোচন, লেখক-পাঠক আড্ডা এবং প্রকাশনা-সংশ্লিষ্ট নানা আয়োজন। পাশাপাশি অনুষ্ঠিত হবে সাহিত্য আলোচনা, কবিতা পাঠ, আবৃত্তি, সাংস্কৃতিক পরিবেশনা এবং বিশেষ সেমিনার।

নতুন প্রজন্মকে বাংলা ভাষা ও সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্যে এবারের উৎসবে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ব্রিটিশ বাংলাদেশি তরুণদের অংশগ্রহণকে। তাদের সৃজনশীলতা, পেশাগত অভিজ্ঞতা এবং সাংস্কৃতিক পরিচয়ের মধ্যে সংযোগ স্থাপনের জন্য বিশেষ আলোচনা ও উপস্থাপনার ব্যবস্থা রাখা হয়েছে।

এবারের উৎসবে নতুন সংযোজন হিসেবে থাকছে নৃত্য, নাটক, সাহিত্য ও চলচ্চিত্রভিত্তিক বিশেষ আয়োজন। ব্রিটিশ বাংলাদেশি নতুন প্রজন্মকে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করার বিষয়কে কেন্দ্র করে একটি বিশেষ নাট্য প্রযোজনা মঞ্চস্থ হবে।

সাহিত্য পর্বে কবি শামীম আজাদ ও গল্পকার সাঈম চৌধুরী বাংলা সাহিত্যকে বিশ্বসাহিত্যের পরিসরে আরও বিস্তৃতভাবে উপস্থাপনের সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন। বইমেলার অন্যতম আকর্ষণ হবে ‘ব্রিটিশ বাঙালি কবিদের কবিতা ব্রিটিশ বাঙালি আবৃত্তিশিল্পীদের কণ্ঠে’ শীর্ষক বিশেষ আয়োজন।

গত বছর প্রথমবারের মতো আয়োজিত এই অনুষ্ঠান দর্শক ও শ্রোতাদের ব্যাপক প্রশংসা অর্জন করেছিল। এবারও নির্বাচিত কবিদের কবিতা আবৃত্তি করবেন যুক্তরাজ্যের আবৃত্তিশিল্পীরা।

উৎসবে একটি বিশেষ সেমিনারের আয়োজন করা হয়েছে, যেখানে সাহিত্য, ভাষা, সংস্কৃতি ও পরিচয়বিষয়ক সমসাময়িক নানা বিষয়ে আলোচনা করবেন বিশিষ্ট বক্তা ও বুদ্ধিজীবীরা। সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বিশিষ্ট অনুবাদক আনিসুজ্জামান।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ আয়োজনের লক্ষ্য শুধু একটি বইমেলা আয়োজন নয় বরং সমগ্র যুক্তরাজ্যে বাংলা সাহিত্য ও সংস্কৃতির বিস্তার, নতুন প্রজন্মকে বাংলা ঐতিহ্যের সঙ্গে সংযুক্ত করা এবং একটি শক্তিশালী সাংস্কৃতিক সেতুবন্ধন গড়ে তোলা। সেই সঙ্গে স্বচ্ছতা, অংশগ্রহণমূলক নেতৃত্ব এবং সাংগঠনিক আত্মনির্ভরতার চর্চাকেও আরও শক্তিশালী করা।

সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য সব সাহিত্যপ্রেমী, পাঠক, লেখক, শিল্পী, সংস্কৃতিকর্মী এবং শুভানুধ্যায়ীদের বাংলাদেশ বইমেলা, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব ২০২৬-এ অংশগ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন।

আরএফ/জেডএস

বিজ্ঞাপন