নোংরা পরিবেশে খাদ্য সামগ্রী সংরক্ষণ, তৈরিসহ বিভিন্ন অপরাধে চট্টগ্রামের আনোয়ারায় তিনটি রেস্তোরাঁয় জরিমানা করা হয়েছে।
রোববার (২১ জুন) বিকেলে এসব রেস্তোরাঁয় অভিযান চালিয়ে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা।
অভিযানে টানেল রেস্টুরেন্টকে ৪০ হাজার টাকা, সাদিয়াস কিচেনকে ১০ হাজার টাকা ও সৌদিয়া হোটেলকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, রোববার বিকেলে উপজেলার চাতরী চৌমুহনী বাজারের অবস্থিত সাদিয়াস কিচেনে দইয়ে তারিখ পায়নি ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি সিদ্ধ ডিমের সঙ্গে ময়লা দেখা যায়। একইভাবে, কালাবিবির দীঘির মোড়ের টানেল রেস্টুরেন্ট ও উপজেলা সদরের সৌদিয়া হোটেলে নোংরা ও ময়লা পরিবেশে খাদ্য সামগ্রী রাখা হয়। এসব কারণে ওই তিনটি রেস্তোরাঁকে জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিন রেস্তোরাঁকে জরিমানা করা হয়েছে। এমন অভিযান অব্যাহত থাকবে।
/এমএসএ
