বিজ্ঞাপন

সংসদে নিলোফার মনি

ফ্যাসিবাদের সংকট থেকে বিএনপিই রাষ্ট্রকে সফলভাবে পরিচালনা করেছে

ফ্যাসিবাদের সংকট থেকে বিএনপিই রাষ্ট্রকে সফলভাবে পরিচালনা করেছে

বাংলাদেশ যখনই ফ্যাসিবাদের কবলে পড়ে সংকটে পড়েছে, বিএনপি ক্ষমতায় এসে তখনই রাষ্ট্রকে সফলভাবে পরিচালনা করেছে বলে মন্তব্য করেছেন সরকারি দলের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি। একইসঙ্গে নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আবদুল মুনতাকিমের নিজেকে ‘শহীদ মুক্তিযোদ্ধার সন্তান’ দাবি করার কড়া সমালোচনা করে তিনি প্রশ্ন তোলেন, ১৯৭১ সালের ১০ বছর পর জন্ম নিয়ে কেউ কীভাবে শহীদের সন্তান হন? মায়ের গর্ভে কি ভ্রূণ ১০ বছর থাকে?

রোববার (২১ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১১তম দিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

নিলোফার মনি বলেন, বিরোধী দলের বন্ধুরা এই বাজেটকে উচ্চাভিলাষী বলছেন। কিন্তু স্বপ্ন ছাড়া বাস্তবতা হয় না। কবি চাঁদকে ছুঁয়েছিলেন বলেই বিজ্ঞান চাঁদ আবিষ্কার করেছে। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে যে বাজেট পেশ হয়েছে, তা আগামীতে সফলতার মুখ দেখাবে।

তিনি আরও বলেন, ১৯৭৫ সালে হেনরি কিসিঞ্জার যখন বাংলাদেশকে ‘তলাবিহীন ঝুড়ি’ বলেছিল, তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম বাজেট দিয়ে সেই চ্যালেঞ্জ মোকাবিলা করেছিলেন। তিনি দেশ থেকে খাদ্য রপ্তানি করেছিলেন। পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়াও অর্থনীতিকে খাদের কিনারে থেকে তুলে এনেছিলেন।

শিক্ষা খাতে ১ লাখ ৩৬ হাজার ৬০৬ কোটি টাকা বরাদ্দের কথা উল্লেখ করে এই সংসদ সদস্য বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। কওমি মাদ্রাসায় বরাদ্দ নেই বলে যারা সমালোচনা করছেন তাদের বলব, বিএনপি কোনো বিশেষ গোষ্ঠীর জন্য কাজ করে না, তারেক রহমান সমগ্র বাংলাদেশের জন্য কাজ করেন। অন্যদিকে স্বাস্থ্য খাতের বিষয়ে তিনি বলেন, বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ দ্বিগুণ করা হয়েছে। ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে, যার ৮০ শতাংশই নারী।

নিলোফার মনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণদের জন্য প্রযুক্তি খাতে ৫০০ কোটি টাকা এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে ২৫৫২ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। স্টার্টআপ ও ফ্রিল্যান্সারদের জন্য নয় বছরের ভ্যাট মওকুফ করা হয়েছে। অথচ সংসদে আসা কয়েকজন তরুণ সদস্য শুধু ‘গণভোট’ ছাড়া আর কিছুই বলতে শিখেনি।

তিনি বলেন, সংসদ পরিচালনার জন্য প্রতি মিনিটে ২ লাখ ৭২ হাজার টাকা খরচ হয়। এখানে বিরোধী দল পর্দা-বালিশ নিয়ে আলোচনা করে। একজন সদস্য আবদুল মুনতাকিম বলেছেন ওনার বাবা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন, অথচ ওনার জন্ম ১৯৮১ সালে। ১০ বছর পরে জন্ম নিয়ে উনি শহীদের সন্তান দাবি করেন। সংসদ সদস্য হওয়ার জন্য মুক্তিযোদ্ধাই হতে হবে এমন কোনো কথা নেই, জনগণের কাজ করলেই হয়। কিন্তু সংসদে অসত্য বলা যাবে না।

আলোচনায় জামালপুরের মেয়ে হিসেবে নিলোফার মনি তার এলাকায় সবজি সংরক্ষণের জন্য হিমাগার স্থাপনের দাবি জানান। এছাড়া জামালপুরের বিশ্বখ্যাত নকশিকাঁথার প্রসারে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

বক্তব্য শেষে স্পিকার সংশ্লিষ্ট বিতর্কিত ইস্যু নিয়ে বলেন, বিরোধী দলের যে সদস্যের কথা আপনি বলেছেন, তিনি নিজেই তার ভুল সংশোধন করেছেন। তার পিতা এখনো জীবিত আছেন। তিনি জানিয়েছেন ভুলক্রমে তার মুখ থেকে কথাটি বেরিয়ে এসেছে। এটি অনিচ্ছাকৃত ভুল। অন্য একজন সদস্যও এ বিষয়ে বক্তব্য রেখেছেন। সুতরাং এটিকে সংসদের কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ করা হবে।

এসআর/জেডএস

বিজ্ঞাপন