বিজ্ঞাপন

মিয়ানমারের কারাগারে ২৭ বাংলাদেশি জেলে, সংকটে পরিবার

মিয়ানমারের কারাগারে ২৭ বাংলাদেশি জেলে, সংকটে পরিবার

মিয়ানমারের রাখাইন রাজ্যে গ্রেপ্তার ২৭ জেলেকে দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। দীর্ঘদিন পরিবারের উপার্জনক্ষম সদস্যরা কারাগারে থাকায় চরম আর্থিক ও মানবিক সংকটে পড়েছে তাদের পরিবার। 

রোববার (২১ জুন) বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধনে এ নিয়ে প্রধানমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।

জেলে পরিবারের সদস্যরা জানান, ২০২৫ সালের ৮ ডিসেম্বর এবং ২০২৬ সালের ২৫ মার্চ জীবিকার তাগিদে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে আকস্মিক ঝড়ের কবলে পড়েন ২৩ জেলে। এতে দিকভ্রান্ত হয়ে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করেন তারা। পরে তাদের আটক করে রাখাইন রাজ্যের আকিয়াব (সিত্তে) এলাকায় নিয়ে যায় মিয়ানমার নৌবাহিনী। এরপর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন দেশটির আদালত। 

আটক জেলেদের মধ্যে রয়েছেন- ভোলার চরফ্যাশনের মো. রফিক ও মো. লোকমান; নোয়াখালীর মো. আরিফুর রহমান, মজিবুর রহমান (মজিব), মো. শাহজাহান, জাবের হোসেন, মেটি তাহমীদ, মো. তামজীদ ও মো. সোহাগ; চট্টগ্রামের নুরুল আবছার, মো. আনোয়ার হোসেন, ইয়াকুব, মো. ওমর ফারুক ও মো. লিটন; কুমিল্লার জোবায়ের আহমেদ ও মো. সোহাগ হোসেন; লক্ষ্মীপুরের মো. জুয়েল, মো. আজিজ উল্লাহ, মো. নীরব, মো. রাকিব হোসেন, মো. মেজবাহ উদ্দিন, সাদ্দাম হোসেন ও ফরহাদ হোসেন; পিরোজপুরের মো. কামাল হোসেন; কক্সবাজারের তারেক রহমান এবং নোয়াখালীর হাতিয়া এলাকার মো. ফয়সাল ইসলাম রাব্বি।

মানববন্ধনে অংশ নেওয়া স্বজনরা বলেন, দীর্ঘদিন ধরে পরিবারের উপার্জনক্ষম সদস্যরা কারাগারে থাকায় চরম আর্থিক ও মানবিক সংকটে পড়েছে পরিবার। অনেকেই মানবেতর জীবনযাপন করছেন। শিশুসন্তানরা বাবার অপেক্ষায় দিন গুনছে, প্রিয়জনদের ফেরার আশায় উদ্বিগ্ন সময় পার করছেন বৃদ্ধ বাবা-মায়েরাও।

মানববন্ধনের সমন্বয়ক স্বপ্ন নিয়ে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আশরাফুল আলম হান্নান বলেন, মানবিক বিবেচনায় আমরা এই অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছি। তারা গত কয়েক মাস ধরে পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন সরকারি দপ্তরে যোগাযোগ করেছেন। কিন্তু এখনও দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় মানববন্ধনের আয়োজন করেছেন তারা। আমরা আশা করি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে জেলেরা দ্রুত দেশে ফিরতে পারবেন। 

বক্তারা বলেন, বাংলাদেশ সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করলে মিয়ানমারে জেলেদের মুক্তি এবং দেশে প্রত্যাবর্তনের পথ সুগম হবে। তারা মানবিক কারণে বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। কর্মসূচি শেষে জেলে পরিবারের সদস্যরা তাদের স্বজনদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

এমআরআর/এমএসএ