কাতারের শাহানিয়া এলাকায় রোববার (২১ জুন) সকালে সংঘটিত এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি প্রবাসীসহ একজন ভারতীয়সহ ছয়জনের মৃত্যুতে বাংলাদেশ দূতাবাস, দোহা গভীরভাবে শোকাহত।
নিহত বাংলাদেশিদের সবাই সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা। তারা হলেন— গাছবাড়ি গ্রামের কাদের আহমদ, আগতালুক গ্রামের জসিম উদ্দিন, আমরপুর গ্রামের জিবাল উদ্দিন, মাঝতালুক গ্রামের মস্তাক আহমদ এবং জুবায়ের আহমদ।
দেশের অর্থনীতির চালিকাশক্তি আমাদের এই রেমিট্যান্স যোদ্ধাদের এমন আকস্মিক প্রয়াণ অত্যন্ত বেদনাদায়ক ও অপূরণীয় ক্ষতি। দূতাবাসের পক্ষ থেকে মান্যবর রাষ্ট্রদূত হযরত আলী খান নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি জানিয়েছেন গভীর সমবেদনা।
দুর্ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে মান্যবর রাষ্ট্রদূত হযরত আলী খান এবং দূতাবাসের শ্রম কাউন্সেলর মোহাম্মদ মাশহুদুল কবীর তাৎক্ষণিকভাবে হাসপাতালে ছুটে গিয়েছেন এবং সার্বিক পরিস্থিতি সরেজমিনে তদারকি করছেন। কাতারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে যাবতীয় আনুষ্ঠানিক প্রক্রিয়া দ্রুততম সময়ে সম্পন্ন করার সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
দূতাবাস নিহত প্রবাসীদের পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে এবং তাদের পাশে থেকে প্রয়োজনীয় সকল সহায়তা প্রদানে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নিহতদের মরদেহ দ্রুততম সময়ের মধ্যে দেশে প্রেরণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রাপ্য আর্থিক ক্ষতিপূরণ নিশ্চিত করতে দূতাবাস সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে।
এই শোকের মুহূর্তে বাংলাদেশ দূতাবাস, দোহা শোকসন্তপ্ত পরিবারগুলোর পাশে আছে। মহান আল্লাহ তা'আলা নিহতদের জান্নাতবাসী করুন এবং শোকাহত পরিবারগুলোকে এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি দান করুন।
এনআই/এমএন
