বিজ্ঞাপন

জ্বালানি তেল ব্যবসায় আমলাতান্ত্রিক জটিলতা কমানোর দাবি

জ্বালানি তেল ব্যবসায় আমলাতান্ত্রিক জটিলতা কমানোর দাবি

দেশের তরল জ্বালানি খাতে অতিরিক্ত লাইসেন্স, আমলাতান্ত্রিক জটিলতা এবং আর্থিক ঝুঁকির কারণে ব্যবসা পরিচালনা ক্রমেই কঠিন হয়ে উঠছে বলে মন্তব্য করেছে বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতি। তাদের দাবি, বর্তমানে একটি ব্যবসা পরিচালনার জন্য প্রায় ১০ ধরনের লাইসেন্স প্রয়োজন হয়, যার প্রতিটি সংগ্রহ করতে দীর্ঘ সময়, উচ্চ ব্যয় এবং নানা প্রশাসনিক জটিলতার মুখোমুখি হতে হয়।

রোববার (২১ জুন) এক বার্তায় সংগঠনটি জানায়, তরল জ্বালানি খাতে তারা মূলত কমিশনভিত্তিক অ্যাজেন্ট হিসেবে কাজ করেন। অন্যদিকে আমদানিকারক প্রতিষ্ঠানগুলো মূল মুনাফা অর্জন করে। এজেন্টদের আগাম অর্থ পরিশোধ করে জ্বালানি সংগ্রহ করতে হয় এবং পরে বাজারে বাকিতে বিক্রি করতে গিয়ে অনাদায়ি পাওনার ঝুঁকিও বহন করতে হয়।

বার্তায় বলা হয়, ব্যবসা পরিচালনার পাশাপাশি বিভিন্ন নতুন নির্দেশনা ও প্রশাসনিক শর্ত মেনে চলতে গিয়ে খরচ ও চাপ বাড়ছে। ফলে সৎ ও নিয়ম মেনে ব্যবসা করা উদ্যোক্তাদের টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে এসব সমস্যা তুলে ধরা হলেও কার্যকর সমাধান মিলছে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়গুলো সম্পর্কে অবগত থাকলেও ব্যবসাবান্ধব উদ্যোগের অভাব রয়েছে।

বার্তায় মালিক সমিতি দ্রুত লাইসেন্সিং প্রক্রিয়া সহজ করা, প্রশাসনিক জটিলতা কমানো এবং কমিশন এজেন্টদের জন্য আর্থিক সুরক্ষা নিশ্চিত করার দাবি জানান।

ওএফএ/এমএন