আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াড (আইইও) ২০২৬-এ অংশ নিতে চীন যাচ্ছে বাংলাদেশের পাঁচ শিক্ষার্থী। বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াড (বিডিইও) আয়োজিত বাছাই প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত এ শিক্ষার্থীরা বৈশ্বিক এ প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করবে।
সোমবার (২২ জুন) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াডের চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান, অ্যাম্বাসেডর মোহাম্মদ মনসুরুল হক।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৯ সালে যাত্রা শুরুর পর থেকে বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াড দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের মধ্যে অর্থনীতি বিষয়ে জ্ঞান বিস্তার এবং বিশ্লেষণী দক্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছে। ২০২৬ সালে সিলেট, রাজশাহী, চট্টগ্রাম ও ঢাকায় চারটি জাতীয় পর্যায়ের আয়োজন সফলভাবে সম্পন্ন হয়।
এবারের আসরে ৪৮ হাজারের বেশি শিক্ষার্থী প্রাথমিকভাবে অংশগ্রহণ করে। সেখান থেকে চার ধাপের কঠোর মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্তভাবে পাঁচ সদস্যের জাতীয় দল নির্বাচন করা হয়েছে।
বক্তব্যে ড. জিল্লুর রহমান বলেন, স্বচ্ছ প্রতিযোগিতার মাধ্যমে এবারের দলটি নির্বাচন করা হয়েছে। আমরা বাংলাদেশকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করতে চাই।
তিনি আরো বলেন, অর্থনীতি আমারের জীবনের দৈনন্দিন একটি বিষয়। একজন শিক্ষার্থী কত টাকা খরচ করবেন, এটাও কিন্তু অর্থনীতিরই অংশ। সুতরাং অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণে আমাদের ফিনান্সিয়াল লিট্রেসিটা দরকার।
ওএফএ/জেডএস
