বিজ্ঞাপন

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালকের মৃত্যু

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মো. ইয়াছিন আরাফাত আকাশ (১৯) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।

সোমবার (২২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দক্ষিণ বাইপাস এলাকায় একটি সিডিএম বাস ও অটোরিকশার সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো-ব-১৪-৯৯৬৭ নম্বরের একটি ঢাকাগামী সিডিএম বাস দ্রুতগতিতে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে উল্টোপথে আসা একটি অটোরিকশা ঘোরানোর সময় বাসটি সেটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় অটোরিকশার দুই যাত্রী আহত হোন এবং চালক আকাশ গুরুতর আহত হোন। 

পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে আকাশের অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

নিহত আকাশ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মীরেরহাট এলাকার কালাচাঁন বাড়ির মো. ইব্রাহিমের ছেলে। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়।

এ বিষয়ে কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল আফসার জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি সিডিএম বাসের সঙ্গে উল্টোপথে আসা একটি অটোরিকশার সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে অটোরিকশা চালক আকাশ মারা যান।

তিনি আরও জানান, দুর্ঘটনায় জড়িত সিডিএম বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এনামুল হক নাবিদ/এসএএস/এমএসএ