প্রশাসন ক্যাডার ব্যতীত অন্যান্য ক্যাডারের কর্মকর্তারা উপসচিব পদে পদোন্নতি পাওয়ার সঙ্গে সঙ্গেই তাদের পূর্ববর্তী সব বার্ষিক গোপনীয় প্রতিবেদন (এসিআর) জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠাতে হবে।
পদোন্নতি পাওয়ার আগ পর্যন্ত স্ব স্ব মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর বা দপ্তরে সংরক্ষিত এসব কর্মকর্তাদের এসিআর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিআর অধিশাখায় পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (২২ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সব সিনিয়র সচিব/সচিবসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে বিষয়টিকে ‘অতীব গুরুত্বপূর্ণ’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
এতে বলা হয়, ‘সরকারের উপ-সচিব, যুগ্ম-সচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতি বিধিমালা-২০০২’ অনুযায়ী যেসব নন-প্রশাসন ক্যাডারের কর্মকর্তা উপ-সচিব বা তদূর্ধ্ব পর্যায়ে কর্মরত আছেন, তাদের উপ-সচিব পদে পদোন্নতি পাওয়ার পূর্বের সব এসিআর (সংশ্লিষ্ট সব কাগজপত্রসহ উভয় কপি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিআর অধিশাখায় সংরক্ষণ করা আবশ্যক।
নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রশাসন ক্যাডার ব্যতীত অন্যান্য ক্যাডার কর্মকর্তাদের উপ-সচিব পদে পদোন্নতি পাওয়ার সঙ্গে সঙ্গেই পদোন্নতি পাওয়ার পূর্ব পর্যন্ত স্ব স্ব মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর বা দপ্তরে সংরক্ষিত সকল এসিআর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিআর অধিশাখায় পাঠানোর জন্য অনুরোধ করা হলো।
এসএইচআর/জেডএস
