বিজ্ঞাপন

জুরাইন-শ্যামপুরে ফুটপাত দখলমুক্ত করলো ডিএসসিসি, জরিমানা ২৩ হাজার

জুরাইন-শ্যামপুরে ফুটপাত দখলমুক্ত করলো ডিএসসিসি, জরিমানা ২৩ হাজার

রাজধানীর জুরাইন ও শ্যামপুর এলাকায় জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিতে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

সোমবার (২২ জুন) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে জুরাইন ও শ্যামপুর এলাকায় রাস্তার উভয় পাশের ফুটপাত ও সড়কে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করা হয়।

অভিযানে ফুটপাত ও সড়ক দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার দায়ে ৭টি মামলার মাধ্যমে মোট ২৩ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। একইসঙ্গে সংশ্লিষ্ট এলাকার ফুটপাত ও সড়ক সম্পূর্ণভাবে দখলমুক্ত ও পরিষ্কার করা হয়, ফলে পথচারীদের চলাচল সহজতর হয়।

অভিযান চলাকালীন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ডিএসসিসির মুখপাত্র রাসেল রহমান জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃক নগরবাসীর স্বার্থে জনদুর্ভোগ সৃষ্টিকারী অবৈধ দখল, ফুটপাত দখল এবং সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

এএসএস/এসএএস

বিজ্ঞাপন