বিজ্ঞাপন

চসিকের নাম ব্যবহার করে ইজি বাইক বিক্রি, অভিযানে জব্দ

চসিকের নাম ব্যবহার করে ইজি বাইক বিক্রি, অভিযানে জব্দ

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) অনুমোদনের নাম ব্যবহার করে অবৈধভাবে ইলেকট্রিক ইজি বাইক বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে একটি ইজি বাইক জব্দ করা হয়েছে।

সোমবার (২২ জুন) সন্ধ্যায় নগরের হালিশহর এলাকার মাইজপাড়া কুমারী পুকুরপাড়ে এ অভিযান পরিচালনা করে চসিক।

অভিযানে নুরুল ইসলাম কোম্পানির গ্যারেজে চসিকের অনুমোদনের নাম ব্যবহার করে ‘টরিট ব্র্যান্ড’ এর ‘ইভি ইজি বাইক ১৫০০’ মডেলের ইজি বাইক বিক্রির কার্যক্রম পরিচালনার অভিযোগের সত্যতা পাওয়া যায়। 

অভিযান পরিচালনা করেন চসিকের অঞ্চল-৬ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মুক্তার। এ সময় বিক্রয়ের জন্য রাখা একটি ইজি বাইক জব্দ করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমা বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের অনুমোদনের নাম ব্যবহার করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অবৈধভাবে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারে না। প্রাথমিক তদন্তে দেখা গেছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান চসিকের অনুমোদনের বিষয়টি প্রচার করে ইজি বাইক বিক্রির চেষ্টা করছে, যা জনসাধারণকে বিভ্রান্ত করার শামিল।

তিনি বলেন, নগরবাসীর স্বার্থ রক্ষায় এ ধরনের প্রতারণামূলক কার্যক্রমের বিরুদ্ধে চসিকের অভিযান অব্যাহত থাকবে। কেউ চসিকের নাম বা অনুমোদনের বিষয়ে মিথ্যা তথ্য প্রচার করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

চসিক নগরবাসীকে কোনো যানবাহন বা পণ্য কেনার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ও বৈধ কাগজপত্র যাচাই করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি জনস্বার্থবিরোধী ও বিভ্রান্তিকর প্রচারণার বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনার কথা জানিয়েছে সংস্থাটি।

আরএমএন/জেআই