বিজ্ঞাপন

শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী ইমন গ্রেপ্তারের তথ্য সঠিক নয়: সিএমপি

শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী ইমন গ্রেপ্তারের তথ্য সঠিক নয়: সিএমপি

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ও বড় সাজ্জাদের সহযোগী মোবারক হোসেন ইমন ওরফে ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার হয়েছেন—এমন তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও তা সঠিক নয় বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারের বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনারের উদ্ধৃতিও সঠিক নয়।

সোমবার (২২ জুন) রাতে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে একটি ফটোকার্ড ভাইরাল হয়। সেখানে দাবি করা হয়, ডেভিড ইমনকে ঢাকার গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এ তথ্যকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।

এ বিষয়ে জানতে চাইলে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী ঢাকা পোস্টকে বলেন, ‘আমার উদ্ধৃতি দিয়ে সন্ত্রাসী ইমনকে গ্রেপ্তার করা হয়েছে বলে প্রচার করা হয়েছে। অথচ এ বিষয়ে কেউ আমার সঙ্গে কথা বলেনি। এটি সম্পূর্ণ মিথ্যা তথ্য।’

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তি রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ ইমন। তিনি একটি সিআর মামলায় সাজাপ্রাপ্ত আসামি এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, তাকে (ইমন) আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

অন্যদিকে, প্রকৃত ডেভিড ইমন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগরের বাসিন্দা। তিনি ২০২৫ সালের বাকলিয়া জোড়া খুন, পতেঙ্গায় ঢাকাইয়া আকবর হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, তিনি বিদেশে অবস্থানরত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলীর পক্ষে চট্টগ্রামে অপরাধী নেটওয়ার্ক পরিচালনা করেন।

সিএমপির সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশীদ ঢাকা পোস্টকে বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফটোকার্ডটি সম্পূর্ণ মিথ্যা। কমিশনারের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হয়েছি।’

পুলিশের ধারণা, ডেভিড ইমনকে নিয়ে বিভ্রান্তি সৃষ্টি বা তাকে আড়াল করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ ধরনের গুজব ছড়ানো হতে পারে। নামের মিল থাকায় সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

আরএমএন/জেডএস