প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিয়েছেন পটিয়া পৌরসভার সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা আইয়ুব বাবুল। দীর্ঘ ১০ মাস কারাভোগের পর মায়ের শেষ বিদায় জানাতে সোমবার (২২ জুন) রাতে তিনি নিজ এলাকা পটিয়া পৌরসদরের ৩ নম্বর ওয়ার্ডে আসেন।
পারিবারিক সূত্রে জানা যায়, আইয়ুব বাবুলের মা আমজুমান আরা (৮২) বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। মায়ের জানাজায় অংশগ্রহণের সুযোগ চেয়ে তার বোন নাহিদা সুলতানা সুস্মী জেলা প্রশাসনের কাছে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ তাকে ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেয়।
সোমবার রাত ৯টা ৪৫ মিনিটে পটিয়া আদালত জামে মসজিদ সংলগ্ন মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে হাতকড়া পরিহিত অবস্থায় আইয়ুব বাবুলকে আবেগাপ্লুত হয়ে পড়তে দেখা যায়। এ সময় তিনি কান্নায় ভেঙে পড়েন এবং উপস্থিত সবার কাছে মায়ের রুহের মাগফিরাতের জন্য দোয়া প্রার্থনা করেন।
জানাজায় স্থানীয় জনপ্রতিনিধি, আত্মীয়স্বজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক ঢাকা পোস্টকে বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা একাধিক মামলায় আইয়ুব বাবুল কারাগারে ছিলেন। পরিবারের আবেদনের প্রেক্ষিতে আইনগত প্রক্রিয়ায় তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। পুলিশি প্রহরায় তিনি জানাজায় অংশগ্রহণ করেন এবং নির্ধারিত সময় শেষে তাকে পুনরায় কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।’
এমআর/এসএএস/বিআরইউ
