বিজ্ঞাপন

চট্টগ্রামে যৌথ অভিযানে ভেজাল লুব অয়েলসহ কাঁচামাল জব্দ

চট্টগ্রামে যৌথ অভিযানে ভেজাল লুব অয়েলসহ কাঁচামাল জব্দ

চট্টগ্রামের কর্ণফুলীতে একটি ভেজাল লুব অয়েল উৎপাদনকারী কারখানায় যৌথ অভিযান চালিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় বিপুল পরিমাণ ভেজাল লুব অয়েল, কাঁচামাল ও উৎপাদন সরঞ্জাম জব্দ করা হয়। পাশাপাশি কারখানা কর্তৃপক্ষকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে কোস্ট গার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, কর্ণফুলী উপজেলার ডাঙ্গারচর এলাকায় একটি কারখানায় নষ্ট ও ব্যবহৃত তেল পুনঃপ্রক্রিয়াজাত করে ভেজাল লুব অয়েল উৎপাদন করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে সোমবার (২২ জুন) বিকেল ৩টার দিকে কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রামের সমন্বয়ে কারখানাটিতে যৌথ অভিযান চালানো হয়।

অভিযানকালে কারখানাটিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল লুব অয়েল, লুব অয়েল তৈরির কাঁচামাল এবং উৎপাদনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। পরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ভেজাল লুব অয়েল উৎপাদন ও মজুত করার দায়ে মালিকপক্ষকে ৩ লাখ টাকা জরিমানা করেন। একই সঙ্গে কারখানাটি ১৫ দিনের জন্য সিলগালা করে বন্ধ ঘোষণা করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দ করা মালামাল ও সরঞ্জামের বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এমআর/বিআরইউ