ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী সন্ত্রাসী মোশারফ হোসেন ওরফে পিচ্চি মোশারফকে (৩৮) বিপুল পরিমাণ ইয়াবা, নগদ টাকা ও একটি বিদেশি রিভলবারসহ গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার (২২ জুন) দিবাগত রাতে রাজধানীর রামপুরা এলাকার উত্তর মৌলভীরটেকে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে
র্যাব-৩ এর একটি দল।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর বাড্ডা এলাকা থেকে একটি বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার করা হয়।
র্যাব-৩ এর ইন্টেলিজেন্স অ্যান্ড মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী, গোপন তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় রামপুরা থানাধীন ২৬/৯-এ উত্তর মৌলভীরটেকের একটি বাসার দ্বিতীয় তলায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ডিএমপির তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি ও অস্ত্রধারী সন্ত্রাসী মোশারফ হোসেন ওরফে পিচ্চি মোশারফকে গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে তার কাছ থেকে ১ হাজার ৫৯০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির ৫ লাখ ৯৮ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোশারফ তার কাছে থাকা একটি আগ্নেয়াস্ত্রের অবস্থান সম্পর্কে তথ্য দেয়। পরে বাড্ডা থানার ইউসুফ স্কুল রোডের সেকেন্দারবাগ এলাকায় পৃথক অভিযান চালিয়ে একটি শপিং ব্যাগের ভেতর থেকে একটি বিদেশি রিভলবার ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া রিভলবারটির গায়ে ইংরেজিতে ‘"মেড ইন ইংল্যান্ড’ লেখা রয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব আরও জানায়, গ্রেপ্তার মোশারফের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
জেইউ/বিআরইউ
