সনদ ছাড়াই খাদ্যপণ্য উৎপাদন, পচা-বাসি খাবার সংরক্ষণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের অভিযোগে চট্টগ্রাম নগরীর বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। পৃথক অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ ২৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি রেস্তোরাঁ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
চট্টগ্রাম মহানগরীতে সার্টিফিকেশন মার্কস (সিএম) সনদ ও মোড়কজাত নিবন্ধন সনদ ছাড়াই কেক, পাউরুটি ও বিস্কুট উৎপাদন ও বাজারজাত করার দায়ে একটি প্রতিষ্ঠানকে ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৩ জুন) বিএসটিআই বিভাগীয় অফিসের উদ্যোগে নগরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। অভিযানে ডাবলমুরিং এলাকার হাজীপাড়ায় হালিশহর রোডের বেইক এন লাভ নামের একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
বিএসটিআই কর্মকর্তারা জানান, প্রতিষ্ঠানটি সনদ ছাড়াই খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রি করছিল। এ ঘটনায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ২৪(১) ধারা অনুযায়ী অপরাধ আমলে নিয়ে ৪১ ধারা অনুযায়ী ৬ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে দ্রুত প্রয়োজনীয় সনদ নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতটি চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত হালদারের নেতৃত্বে চালানো হয়। অভিযান চলাকালে বিএসটিআই বিভাগীয় অফিস, চট্টগ্রামের ফিল্ড অফিসার (সিএম) হাসিবুল হাসান এবং পরিদর্শক (মেট্রোলজি) সাঈদ আহমেদ তালুকদার দায়িত্ব পালন করেন।
অন্যদিকে, চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে দুটি রেস্তোরাঁর বেহাল ও অস্বাস্থ্যকর পরিবেশের প্রমাণ পাওয়ায় জরিমানা আদায় করা হয়েছে। এর মধ্যে একটি প্রতিষ্ঠানে পচা-বাসি খাবার বিক্রি, পোকামাকড়ের উপস্থিতি এবং অস্বাস্থ্যকর পরিবেশের কারণে অর্থদণ্ডের পাশাপাশি প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।
মঙ্গলবার (২৩ জুন) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণার নেতৃত্বে পতেঙ্গা সৈকত এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে ‘সি বার্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’ নামের একটি প্রতিষ্ঠানে মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত ও বিক্রির প্রমাণ পাওয়া যায়। রান্নাঘরে পোকামাকড়ের উপস্থিতি এবং বিড়ালের বিচরণসহ নানাবিধ অস্বাস্থ্যকর অবস্থা পরিলক্ষিত হয়। এ কারণে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ৩৩ ও ৩৯ ধারায় প্রতিষ্ঠানটিকে চার লক্ষ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়। একই সঙ্গে জনস্বার্থে প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।
একই দিনে পতেঙ্গা এলাকায় ‘চাটগাঁও রান্নাঘর’ নামের আরেকটি প্রতিষ্ঠানের অনিবন্ধিতভাবে ব্যবসা পরিচালনার অভিযোগে অভিযানে আসে। হোটেল-রেস্তোরাঁ আইন, ২০১৪ এর ১৯ ধারায় প্রতিষ্ঠানটিকে বিশ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।
অভিযানকালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা ও মেট্রোপলিটন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, টুরিস্ট পুলিশ এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পতেঙ্গা ও চট্টগ্রাম থানার একটি টিম সমন্বিতভাবে সহায়তা করে।
এমআর/এসএএস
