চট্টগ্রামের পটিয়া থানার একটি মাদক মামলায় ২০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. জয়নাল আবেদীন রাশেদকে (৩৪) গ্রেপ্তার করেছে র্যাব-৭।
বুধবার (২৪ জুন) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে র্যাব। গ্রেপ্তার হওয়া জয়নাল আবেদীন রাশেদ হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের মৃত কামাল সওদাগরের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত প্রায় ১০টার দিকে হাটহাজারী থানার মুন্সির মসজিদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ১৪(ঘ) ধারায় মামলা দায়ের করা হয়েছিল। মামলায় আদালত দুটি পৃথক ধারায় তাকে যথাক্রমে ১২ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং ৮ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দেন। ফলে তিনি মোট ২০ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত হন।
র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফ্ফর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২০ বছরের সাজা পাওয়া ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে হাটহাজারী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
আরএমএন/আরএফ/জেডএস
