বিজ্ঞাপন

জাতীয় গুণীজনদের নিয়ে তথ্যভাণ্ডার গঠনের আহ্বান

জাতীয় গুণীজনদের নিয়ে তথ্যভাণ্ডার গঠনের আহ্বান

দেশের কৃতী ও জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের তথ্য সংরক্ষণে জাতীয় পর্যায়ে একটি সমন্বিত তথ্যভান্ডার গঠনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল।

আজ (বুধবার) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। ইত্তেফাকের সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক আখতার-উল-আলমের স্মরণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, দেশের বিভিন্ন গুণীজন তাদের লেখনী ও কর্মের মাধ্যমে সমাজকে সচেতন ও আলোকিত করার চেষ্টা করেছেন। আখতার-উল-আলম তাদের মধ্যে অন্যতম ছিলেন। বাংলা ভাষার বৈশিষ্ট্য, মূল্যবোধভিত্তিক শিক্ষা এবং সমাজে অনুসরণীয় ব্যক্তিত্বদের গুরুত্ব অপরিসীম। মানুষের জীবন গঠনে এসব বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।  

তিনি বলেন, শেরে বাংলা এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমানসহ জাতীয় বরেণ্য ব্যক্তিদের নিয়ে নিয়মিত আলোচনা হওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, সাংবাদিক সমাজ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে জাতীয় পর্যায়ে তথ্যভান্ডার গঠনের উদ্যোগ নেওয়া যেতে পারে। এতে দেশের কৃতী ও জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের তথ্য সংরক্ষিত থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্ম উপকৃত হবে।

মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, জাতীয় বীর ও গুণীজনদের নিয়ে যত বেশি আলোচনা হবে, আমরা তত বেশি সমৃদ্ধ হবো। আখতার-উল- আলমদের মতো ব্যক্তিত্ব যুগ যুগ ধরে মানুষের অনুপ্রেরণা হয়ে থাকবেন।

ওএফএ/এনএফ

বিজ্ঞাপন